প্রিন্ট এর তারিখঃ Apr 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 6, 2026 ইং
সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি, জামায়াত-এনসিপি জোট ১৩টি

সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি, জামায়াত-এনসিপি জোট ১৩টি
ঢাকা, ৬ এপ্রিল (নিউজ ডেস্ক): আগামী ৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার এক মাস চার দিন পর আগামী ১২ মে মঙ্গলবার সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ১১তম কমিশন সভা শেষে এ তথ্য জানান। তিনি জানান, ইতোমধ্যে ৫০টি সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
এতে বিএনপির নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৩৬টি আসন পেতে যাচ্ছে। জামায়াত-এনসিপি জোট পাবে ১৩টি আসন। এ ছাড়া স্বতন্ত্র ৬ প্রার্থী জোটগতভাবে একটি আসন পাবেন।
জাতীয় সংসদের আইন অনুযায়ী, কোনো দল সাধারণ আসনে যতটি আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে সংরক্ষিত নারী আসনের সংখ্যা নির্ধারিত হয়। এ সূত্র অনুসারে বিএনপি এককভাবে ৩৪ দশমিক ৬৬ বা প্রায় ৩৬টি নারী আসন পাচ্ছে। জামায়াত ৬৮টি সাধারণ আসনের বিপরীতে ১১ জন নারী প্রতিনিধি পাবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও স্বতন্ত্র প্রার্থীরা জোটগতভাবে একটি করে নারী আসন পেতে পারেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ২৯৭টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে।
আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত হয়েছে। বগুড়া-৬ আসনে পরবর্তীতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
২৯৭টি আসনে বিএনপি জোট পেয়েছে ২১২ আসন, ১১ দলীয় জোট পেয়েছে ৭৭ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসন পেয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Shariatpur Express 24