প্রিন্ট এর তারিখঃ Apr 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2026 ইং
আত্মগোপনে থাকা সাবেক নারী এমপি গ্রেপ্তার

আত্মগোপনে থাকা সাবেক নারী এমপি গ্রেপ্তার
অনলাইন ডেক্স
লালমনিরহাট: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি নাশকতা, খুনসহ একাধিক গুরুতর মামলার পলাতক আসামি ছিলেন।
জেলা পুলিশ সূত্র জানায়, লালমনিরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সফুরা বেগম রুমী লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা (উকিলপাড়া) এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, লালমনিরহাট জেলা মহিলা লীগের সভাপতি এবং লালমনিরহাট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) থেকে তিনি সংসদ সদস্য ছিলেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগর পুলিশের কোতোয়ালি থানার হত্যা মামলা, লালমনিরহাট সদর থানার আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও দণ্ডবিধির একাধিক মামলা এবং ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার হত্যা মামলা উল্লেখযোগ্য। অভিযোগগুলোর মধ্যে রয়েছে হত্যা, নাশকতা, প্রতারণা, দাঙ্গা, চাঁদাবাজি ও অগ্নিসংযোগ।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি লালমনিরহাট ত্যাগ করে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
লালমনিরহাট পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Shariatpur Express 24