জাজিরায় নদীতীর রক্ষা প্রকল্পের ব্লক সাইটে বিএনপি নেতার নেতৃত্বে হামলা, প্রকৌশলীকে মারধরের অভিযোগ
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদীতীর রক্ষা প্রকল্পের ব্লক নির্মাণ সাইটে স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে দাপট দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়া এবং এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল দুপুরে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পৈল্যান মোল্লার কান্দি এলাকায় চলমান ব্লক তৈরির সাইটে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম ফরাজীর নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল হামলা চালায়। তারা প্রথমে এফআইডিএল-ভিনসেন জেবির অধীনে বেঙ্গল কনস্ট্রাকশনের সাইটে প্রবেশ করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয়। পরে পাশের খুলনা শিপইয়ার্ডের ব্লক সাইটেও গিয়ে শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে এবং হুমকি দেয় যে, “স্থানীয় বিএনপি নেতাদের বাইরে কেউ এখানে কাজ করতে পারবে না”। ঘটনার একটি ভিডিও ফুটেজে এমন বক্তব্য স্পষ্ট শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইটে থাকা প্রকৌশলী মেহেদী হাসান রাতুল ঘটনাটি মোবাইলে ধারণ করলে অভিযুক্তরা তাকে মারধর করে এবং তার পোশাক ছিঁড়ে ফেলে। পরে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে গিয়ে উল্টো অভিযোগ তুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ায় বলে ভুক্তভোগীদের দাবি।
অপর প্রকৌশলী শাকিল হাসান সোহাগ বলেন, “হঠাৎ করে স্থানীয় কয়েকজন এসে আমাদের কাজ বন্ধ করে দেয়। এরপর থেকে পুরোপুরি কাজ বন্ধ রয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা রফিকুল ইসলাম ফরাজী বলেন, “নিম্নমানের বালু ও পাথর ব্যবহার করা হচ্ছিল বলে আমরা কাজ বন্ধ করেছি। মারধরের অভিযোগ সঠিক নয়, সামান্য বাকবিতণ্ডা হয়েছে।
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্পের ব্যয় প্রায় ৩৮৩ কোটি টাকা। ২০২৭ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে প্রকল্পটির। বর্তমানে ৩১টি প্যাকেজের আওতায় একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, “প্রকৌশলীকে মারধরের বিষয়টি আমাদের জানা নেই। তবে কোথাও নিম্নমানের কাজ হলে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাজ বন্ধ বা হুমকির বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আইনগত ব্যবস্থা নিলে আমরা সহযোগিতা করব।
ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
এ জাতীয় আরো খবর..