গোসাইরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: সমবায়ীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ
মোঃ হাসান আলী
গোসাইরহাট শরীয়তপুর প্রতিনিধি
৬ জুলাই, ২০২৬
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের গোসাইরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ এবং সমবায় সদস্যদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে স্থানীয় মডেল মসজিদ এলাকা প্রদক্ষীণ শেষে পুনরায় উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নুশরাত আরা খানম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জনাব মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু’র উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত তিনি উপস্থিত হতে পারেননি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রামীণ জনপদের উন্নয়নে সরকারি বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং পল্লী উন্নয়নে সমবায়ের গুরুত্বের ওপর আলোকপাত করেন। সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নের সাথে পল্লী উন্নয়নের যোগসূত্র নিয়ে আলোচনা করেন। এছাড়া কৃষি কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সবুজে ঘেরা পল্লী গড়ে তোলার লক্ষ্যে কৃষি খাতের ভূমিকার ওপর বিশেষ আলোকপাত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে উপস্থিত সমবায় সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি, স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সমবায় সদস্যদের মাঝে ঋণের চেকও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মোঃ ইকবাল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ইউসিসিএ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, আকতার, মাঠ সংগঠক খোকন কুমার সিকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ জাতীয় আরো খবর..